ইসলাম টাইমস ডেস্ক: পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নোয়াখালীর বেগমগঞ্জে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের শিশু সন্তান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় নিহতের আরও দুই মেয়েসহ তিনজন আহত হয়।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, চৌমুহনী চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা আপানিয়ার দিকে যাওয়ার পথে স্থানীয় ছালামের দোকানের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার শিশু কন্যা মারা যায়। আহত হয় ওই শিক্ষিকার আরও দুই মেয়েসহ তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
















