ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পার্লামেন্টে সংসদ অধিবেশন চলাকালীন দিল্লি হত্যাকাণ্ডের ব্যাপারে কথা বলায় বিশৃঙ্খলার অভিযোগে চলতি বাজেট অধিবেশন থেকে সাত কংগ্রেস সংসদ সদস্যকে বরাখাস্ত করেছেন স্পীকার।
জানা যায়, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুর দিন থেকে দিল্লির ঘটনা নিয়ে আলোচনার দাবি করেন কংগ্রেস সদস্যরা। কিন্তু চলতি অধিবেশনে দিল্লির ঘটনা নিয়ে আলোচনা সম্ভব না বলে জানান স্পীকার ওম বিড়লা। আগামী হোলি উৎসবের পরে আলোচনা হতে পারে। কিন্তু বিরোধী সদস্যরা চলতি অধিবেশনেই আলোচনার জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে বাজেট অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। কয়েকবার অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পীকার।
গত সোমবার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান করেন। সেখানে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার জন্য কয়েকটি প্রস্তাব রাখা হয়। কিন্তু মঙ্গলবার অধিবেশন শুরু হলে পুনরায় বিরোধী ও ট্রেজারি বেঞ্চের সদস্যদের মধ্যে মারামারি শুরু হয়।
একই পরিস্থিতি বার বার তৈরি হওয়ায় শেষ পর্যন্ত কংগ্রেসের ওই সাত সাংসদকে বরখাস্ত করেন স্পীকার।
তবে স্পীকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি বলেন,‘এটা কি স্বৈরতন্ত্র চলছে? মনে হচ্ছে সরকার এই অধিবেশনে দিল্লির ঘটনা নিয়ে কোনও আলোচনাই চাইছে না। আর এই সাংসদদের বরখাস্তের সিদ্ধান্ত স্পীকারের নয়, এটি সরকারের সিদ্ধান্ত বলেও আক্রমণ করেন অধীর।
















