ইসলাম টাইমস ডেস্ক: পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের আলোচিত জামিন কান্ডের পর এবার তাদের বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিল করে পিরোজপুর পৌর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি শহরের টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ ও ফয়সাল মাহাবুব শুভ।
এদিকে পিরোজপুর থেকে গত ৩ মার্চ তাৎক্ষণিক প্রত্যাহার হওয়া জেলা ও দায়রা জজ আবদুল মান্নান পিরোজপুর ত্যাগ না করা পর্যন্ত আদালত বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন পিরোজপুর আইনজীবী সমিতির সদস্যরা। তারা বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রতিবাদ সভা করেন।
















