ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের করাচি শহরের গুলবাহার এলাকায় পাঁচ তলা একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
করাচি মেট্রোপলিটন করপোশনের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের ডাক্তার সালমা কাউসারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদেরকে আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর অনলাইন জঙ-এর।
ডাক্তার সালমা কাউসার জানান, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে তবে বেশ কয়েকজনকে হাড় বিশেষজ্ঞ এবং অপারেশন বিভাগে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। করাচির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
















