ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে রকেট হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। আহত হয়েছেন আরও ২৯ জন। শুক্রবার দেশটির রাজধানী কাবুলে এই ঘটনা ঘটে। খবর দ্যা ডন এবং আল জাজিরার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগান সরকারের একজন শীর্ষ রাজনীতিবিদ আবদুল্লাহ আবদুল্লাহ। তবে তিনি সম্পূর্ণ নিরাপদে স্থান ত্যাগে সক্ষম হয়েছেন।
তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির পর যে আফগানিস্তানে যে শান্তির আশা করা হচ্ছিল তা এখন ক্রমশ নিভতে শুরু করেছে। চুক্তির পর এরইমধ্যে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। একইসঙ্গে তালেবানের ওপরও হামলা দীর্ঘদিন বন্ধ রাখার পর আবারও চালু করেছে যুক্তরাষ্ট্র।
তবে শুক্রবারের হামলায় জড়িত থাকার বিষয়ে এখনো দায় স্বীকার করেনি তালেবান। হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার। তিনি জানান, ২৭টি মরদেহ ও ২৯ জন আহতকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা দেশটিতে।
















