অবশেষে ইদলিবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক-রাশিয়া

ইসলাম টাইমস ডেস্ক: মস্কোতে প্রায় ছয় ঘণ্টাব্যাপী বৈঠকের পর অবশেষে সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। খবর ‘আল-জাজিরা’।

সিরিয়া ইস্যুতে পুতিনের সঙ্গে সামনাসামনি কথা বলতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাশিয়া সফর করেন এরদোগান। মস্কোতে প্রায় ছয় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেন বিশ্বের এ দুই প্রভাবশালী নেতা।

প্রায় দুই সপ্তাহ আগে সন্ত্রাস নির্মূলের নামে ইদলিবে নতুন করে অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী। এই অভিযানে তাদের সমর্থন দেয় রাশিয়া। অন্যদিকে শরণার্থী সমস্যার অজুহাতে এর বিরোধিতা করে তুরস্ক। সিরিয়া ও রাশিয়াকে ইদলিবে অভিযান চালানো বন্ধ করার আহ্বান জানায় তারা।

তবে তুরস্কের আহ্বানে সাড়া না দিয়ে উল্টো গত ২৮ ফেব্রুয়ারি তুর্কি সেনাদের ওপর বিমান হামলা চালায় রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী। এতে খেপে যায় আঙ্কারা। ওই বিমান হামলার কয়েক ঘণ্টা পরেই ইদলিবে অপারেশন ‘স্প্রিং শিল্ড’ পরিচালনার ঘোষণা দেয় তুরস্কের সেনাবাহিনী। সবমিলিয়ে সিরীয় বাহিনী ও তুর্কি সেনাদের মধ্যকার গত কয়েকদিনের হামলা-পাল্টা হামলায় উভয় পক্ষেরই প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এমন অস্থিতিশীল পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টে পুতিনের সঙ্গে কথা বলতে মস্কো যান এরদোগান। মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের পর এরদোগান সাংবাদিকদের বলেন, আমাদের আলোচনা সফল হয়েছে। যুদ্ধবিরতিতে পৌঁছাতে পেরেছি আমরা।

তবে হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেছেন, যুদ্ধবিরতি ভঙ্গ করে সিরীয়বাহিনী হামলা চালালে তুরস্ক নীরব থাকবে না। সবধরনের হামলার কঠিন  প্রতিশোধ নেবে আঙ্কারা।

অপরদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আমরা তুরস্কের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছাতে পেরেছি। চলমান পরিস্থিতিতে এটা খুবই ইতিবাচক দিক। তবে মস্কো সববিষয়ে আঙ্কারার সঙ্গে একমত নয়।

পূর্ববর্তি সংবাদপিরোজপুরের আদালতকাণ্ডের ঘটনায় আসকের উদ্বেগ
পরবর্তি সংবাদফিলিস্তিনে রুটির কারখানায় আগুন, শিশুসহ ৯ জনের প্রাণহানি