পিরোজপুরের আদালতকাণ্ডের ঘটনায় আসকের উদ্বেগ

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতির মামলায় সাবেক এমপি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল দম্পতিকে জামিন না দেয়ার ঘটনায় পিরোজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মান্নানকে তাৎক্ষণিক বদলি ও ভারপ্রাপ্ত নতুন বিচারক দিয়ে জামিনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক বলেছে, এ ঘটনার মধ্য দিয়ে বিচারবিভাগের ওপর সরকারের প্রভাব সংক্রান্ত জনমনে যে ধারণা বা উদ্বেগ বিদ্যমান, তা আরও দৃঢ় হয়ে উঠলো।

আসকের বিবৃতিতে বলা হয়, পিরোজপুরের ঘটনা আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মন্তব্য অত্যন্ত হতাশাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণ বা প্রশমিত করার জন্যই জেলা জজকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি স্বীকার করে নিয়েছেন। আবার তিনি মনে করছেন, এখানে আইনের শাসনের কোনও ব্যত্যয় হয়নি। আসক মনে করে, এ ঘটনার মাধ্যমে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করা হলো। যার প্রভাব সুদূরপ্রসারী। মন্ত্রী বিচারকের আচরণ নিয়েও মন্তব্য করেছেন।

বিচারককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের মাধ্যমে বিচারবিভাগের ওপর সরকারের প্রভাব সংক্রান্ত জনমনে যে ধারণা বা উদ্বেগ বিদ্যমান, তা আরও দৃঢ় হয়ে উঠলো। বিচারবিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার দশক পার হলেও এখনও বিচারবিভাগ কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারছে, তা এ ঘটনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে।

পূর্ববর্তি সংবাদ‘করোনা আতঙ্কে জুমা এবং জামাত স্থগিত করা উচিত নয়’
পরবর্তি সংবাদঅবশেষে ইদলিবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তুরস্ক-রাশিয়া