ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে স্থানীয় মুসলিমদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের চালানো হত্যা, হামলা এবং লুটপাটের জন্য দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তা এবং কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে দায়ী করে সংবাদ প্রকাশ করায় দুটি ইলেকট্রনিকস মিডিয়াকে নিষিদ্ধ করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মালায়ালাম সংবাদমাধ্যম এশিয়ানেট নিউজ ও মিডিয়া ওয়ান নিউজকে শুক্রবার সন্ধ্যা থেকে ৪৮ ঘণ্টার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে মন্ত্রণালয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, মিডিয়া ওয়ান চ্যানেলটি মধ্যমাম ব্রডকাস্টিং লিমিটেডের মালিকানাধীন, যা জামাত-ই-ইসলামি সমর্থিত। অন্যদিকে, এশিয়ানেট নিউজ পরোক্ষভাবে পরিচালনা করেন রাজ্যসভার বিজেপি সংসদ সদস্য রাজীব চন্দ্রশেখর। অবশ্য নিষিদ্ধ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দেখা যাচ্ছে এশিয়ানেট নিউজ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে যে, এই দুই সংবাদমাধ্যমেই দিল্লির খবর পরিবেশনার সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে এক সম্প্রদায়ের পক্ষ অবলম্বন করেছে। এ ছাড়া বারংবার সহিংসতার জন্য দায় চাপানো হয়েছে দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তা ও আরএসএসের ওপর।
















