ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৩ জন রোগী পাওয়ার পর মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে গণভবনে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে রবিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, ‘মুজিববর্ষের অনুষ্ঠান উপলক্ষে সরকার কাউকে ঝুঁকিতে ফেলতে চায় না। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেবেন। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত থাকতেই পারেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় গণভবনে যান তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকর্মীকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্রমন্ত্রী গণভবনে গেছেন।’
মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভুটানের রাজা জিগমে খেসার ওয়ানচুক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস।
















