ইসলাম টাইমস ডেস্ক: ‘আমরা ঢালাওভাবে রাস্তাঘাটে যে মাস্ক ব্যবহার করছি তার দরকার নেই। যিনি আক্রান্ত তিনি ব্যবহার করবেন। তবে একই মাস্ক একবার ব্যবহার করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ব্যবহারের পর কোথাও রেখে আবার পরে ব্যবহার করবেন— এমনটা যেন না হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ জানিয়েছেন এ কথা।
’চীনের উহান থেকে করোনা ভাইরাস আক্রান্ত রোগী গতকাল বাংলাদেশেও সনাক্ত হয়েছে। ভাইরাসের আগমনে আতঙ্ক বিরাজ করছে পুরো দেশে। ইতোমধ্যে খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার মজুদ করছেন অনেকেই। মাস্কের দাম বেড়ে গেছে ৪/৫ গুণ।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এবিএম আব্দুল্লাহ বলেন, ‘অনেকের মধ্যে ভয় যে আক্রান্ত হলেই বুঝি মারা যাবে, এই ধারণা ঠিক নয়। এতে আক্রান্ত হলে বেশিরভাগ রোগী ভালো হয়ে যাবে। ঘরে বসে থাকলেও ভালো হয়ে যাবে, সাধারণ চিকিৎসায়ও ভালো হয়ে যাবে। ভয়ের কোনো কারণই নেই। সুতরাং আমি আবারও সবাইকে বলছি আপনারা ভীত হবেন না, আতঙ্কিত হবেন না। তবে সবাইকে সর্তক থাকতে হবে। এটা কিন্তু খুব জরুরি।’
উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১ লাখ ১০ হাজার ৬৬ জন এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ জনে। তবে আশা জাগানিয়া তথ্য হচ্ছে এরই মধ্যে এ রোগে আক্রান্ত ৬২ হাজার ২৭৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
















