ইসলাম টাইমস ডেস্ক : নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিআরটিসি বাসচাপায় নাঈম হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ছমির মুন্সীরহাটসংলগ্ন চৌধুরী ফিলিংস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাঈম হোসেন ইয়ারপুর এলাকার মো. মানিকের ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহীর (১৯) নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফেনীর দাগনভূঞা থেকে চৌমুহনীর দিকে বিআরটিসি একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌধুরী ফিলিংস্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে নাঈম নিহত ও অজ্ঞাত অন্য আরোহী আহত হন। আহত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন জানান, ঘটনাস্থল থেকে বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
















