বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

ইসলাম টাইমস ডেস্ক :  চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দুনিয়াজুড়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ডাটা সংগ্রহকারী ওয়েবসাইট ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১০ মার্চ সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে চার হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪২২। এদের মধ্যে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়েছে ৬৪ হাজার ৮১ জন।.

মৃত চার হাজার ২৭ জনের মধ্যে তিন হাজার ১৩৬ জনই চীনের নাগরিক। আক্রান্তদেরও অধিকাংশই চাইনিজ। প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে এ পর্যন্ত ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৭২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭২৪ জন।

ইরানে মারা গেছে ২৩৭ জন। দক্ষিণ কোরিয়াতেও মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালির পর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭। আর মোট আক্রান্তের সংখ্যা ৭০৮। এর মধ্যে ১৫ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে নতুন সংক্রমণের সংখ্যা কমে এলেও নতুন করে ইতালিতে ব্যাপক উদ্বেগ তৈরি করছে এটি। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, মিউজিয়াম, জিমনেশিয়াম, নাইট ক্লাবসহ বিভিন্ন ভেন্যু বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।

 

পূর্ববর্তি সংবাদরামপুরায় ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য আটক, ডিএমপি স্টিকারযুক্ত গাড়ি জব্দ
পরবর্তি সংবাদদেশে করোনা আক্রান্ত রোগীদের সেবা দেয়া হবে যেসব হাসপাতালে