রাজপথে লড়াই করে শেখ হাসিনাকে মুক্ত করেছি, বিএনপির মতো মিনতি করিনি: নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখাপত্র মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বন্দি ছিলেন আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, মার খেয়েছি, কিন্তু কারো কাছে কোনদিন কাকুতি-মিনতি করিনি। বিএনপি তাদের নেত্রীর মুক্তির জন্য কাকুতি মিনতি করছে। কতটা দেউলিয়া হয়ে গেছে বিএনপি। তাদের নেতাকে কারাগারে রেখে দুই বছর বিএনপি কর্মসূচিবিহীন একটি দলে পরিণত হয়েছে। আমি মনে করি বিএনপি নেতাদের এ কারণেই পদত্যাগ করা উচিত।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মোহাম্মদ নাসিম।

বিএনপি নেতাদের দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, বিএনপির দায়িত্ববোধ বলে কোনো কিছু নাই, যেকোনো বিষয়ে বিএনপি নেতিবাচক ভূমিকা রাখে। এ জন্য তাদের বর্তমান পরিস্থিতি এরকম। বিএনপির ভুলের রাজনীতির কারণেই তাদের নেতার মুক্তির জন্য সরকারের কাছে কাকুতি-মিনতি করতে হয়।

মোহাম্মদ নাসিম বলেছেন, করোনা ভাইরাস নিয়ে বিএনপি নেতারা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন। সরকারের বিরোধীতা করার জন্য যেকোনো বিষয়েই বিএনপি নেতিবাচক কথা বলছে। তিনি বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন করোনা ভাইরাসের কথা নাকি সরকার লুকিয়ে রেখেছে। এটা একটা হাস্যকর এবং দায়িত্বহীন বক্তব্য। বিএনপি যে কতটা দায়িত্বহীন একটা দল, তারা যে কতটা হীনমন্যতায় ভোগে, বিএনপি যে দেউলিয়া হয়ে গেছে তাদের মহাসচিবের এ বক্তব্যই তার প্রমাণ।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশন বলে কিছু নেই: ইশরাক
পরবর্তি সংবাদঅবশেষে কারাবন্দি তালেবানদের মুক্তির ঘোষণা দিল আফগান সরকার