ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাস পর্যন্ত সব ধরনের জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন এ তথ্য।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তবে অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।’
উল্লেখ্য, রবিবার বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। বর্তমানে বিভিন্ন হাসপাতালে বিদেশ ফেরত আটজনকে আইসোলেশেন ওয়ার্ডে রাখা হয়েছে। এখন পর্যন্ত মোট ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
















