ইসলাম টাইমস ডেস্ক: করোনা নিয়ে পর্যাপ্ত সচেতনতা সৃষ্টি করা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বিশ্বের প্রত্যেকটি দেশে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য জরুরি অবস্থা ঘোষণা করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হয়নি। এটিকে প্রথমে গুরুত্বই দেয়া হয়নি। তাদের ভাষ্যমতে, তিনজন আক্রান্ত হওয়ার পর কিছু কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচির আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
করোনাভাইরাস নিয়ে বিএনপি রাজনীতি করছে– আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন অভিযোগের জবাব দিয়েছেন দলটির মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেন, করোনাভাইরাস নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর রাজনীতি নেই বলে বিএনপি কি সরকারের দোষ-ত্রুটি ধরিয়ে দিতে পারবে না, এমন প্রশ্ন করেন ফখরুল।
বুধবার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনার মতো সংবেদনশীল বিষয়ে বিএনপি যেন রাজনীতি না করে।
বিএনপি মহাসচিব বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস একটা মহামারী আকার ধারণ করেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা করোনাভাইরাস নিয়ে কোনো রাজনীতি করছি না।
















