ইসলাম টাইমস ডেস্ক : পদ্মা সেতু প্রকল্পের অত্যাধুনিক সংযোগ সড়ক উদ্বোধন হতে যাচ্ছে আজ। পদ্মা সেতুর ঢাকা অংশের ৪ লেনের ৫৫ কিলোমিটার এই জাতীয় মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মহাসড়কটি উদ্বোধন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘যাত্রাবাড়ী-মাওয়া এবং পাচ্চর-ভাঙ্গা জাতীয় মহাসড়ক-৪ লেনে উন্নয়ন প্রকল্প’ হিসেবে পরিচিত এই মহাসড়কটি ২০১৬ সালের ৩ মে একনেক কর্তৃক অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর সংযোগ সড়ক হিসেবে এর আধুনিকায়ন ও উন্নয়নের বিষয়টি নিজে থেকেই তদারকি করেন। পূর্বেকার ঢাকা-মাওয়া মহাসড়কের জরাজীর্ণ অবস্থা থেকে এর আধুনিকায়ন এবং দৃষ্টিনন্দন উন্নয়ন কার্যক্রম শুরু হয় যা নির্ধারিত সময়ের আগেই চালু করা হচ্ছে। মহাসড়কটি নির্মাণে ১১ হাজার কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ করা হয় যার সবটাই বাংলাদেশ সরকার দিচ্ছে। মহাসড়কটি চালু হলে পদ্মা সেতুর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজতর হবে। দেশের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন সাধিত হবে। পদ্মা সেতু কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাও নিরবচ্ছিন্ন, দ্রুততর ও সহজ হবে।
সূত্র জানিয়েছে, ঢাকা-খুলনা মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত এবং পাচ্চর-ভাঙা অংশের নির্মাণকাজের জন্য ৬০ হাজার ৩৫৪ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হয়। ২০১৬ সালের মে মাসে প্রকল্পের কাজ শুরু হয় এবং তা সমাপ্তির মেয়াদ নির্ধারণ করা হয় ২০২০ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু তার তিন মাস আগেই মহাসড়কটি সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এই মহাসড়কের সঙ্গে সংযুক্ত পদ্মা সেতুর নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে ৬ কিলোমিটার সেতুর মধ্যে ৪ কিলোমিটারই দৃষ্টিসীমার মধ্যে এসেছে। পদ্মা সেতু চালু হওয়ার আগেই মহাসড়ক নির্মাণ সম্পন্ন হওয়াকে জাতীয় এই প্রকল্পের অনেক বড়ো অগ্রগতি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
















