মানহানির এক মামলায় খালেদাকে সকালে দেওয়া স্থায়ী জামিন বিকেলে প্রত্যাহার

ইসলাম টাইমস ডেস্ক: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মানহানির এক মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সকালে স্থায়ী জামিন দিলেও দুপুরে পর ওই আদেশ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন প্রশ্নে জারিকৃত রুলের উপর পুনরায় শুনানির জন্য দিন ধার্য করে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া ও খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামারুজ্জামান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া বলেন, আদালত প্রথমে খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছিলেন। তখন আমরা উপস্থিত ছিলাম না। পরে আমরা আদালতকে বলি, এই মামলায় খালেদা জিয়া ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত জামিনে আছেন। রাষ্ট্রপক্ষের কাছে এই মামলার নথি নেই। আমরা রুল শুনানি করতে চাই। তখন আদালত আমাদের আবেদন মঞ্জুর করে স্থায়ী জামিনের আদেশ প্রত্যাহার করে পুনরায় রুল শুনানির জন্য দিন ধার্য করেন। অবকাশকালীন ছুটির শেষের এক সপ্তাহ পর ওই রুল শুনানি হবে।

পূর্ববর্তি সংবাদকরোনাভাইরাস: সিঙ্গাপুরে পাঁচদিনের জন্য বন্ধ করা হচ্ছে সব মসজিদ
পরবর্তি সংবাদখাদ্যে ভেজাল প্রতিরোধে বিএসটিআই আছে, র‌্যাবের দরকার নেই: শিল্পমন্ত্রী