ইসলাম টাইমস ডেস্ক: জননিরাপত্তা আইনে গৃহবন্দি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ অবশেষে মুক্তি পেলেন। সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়ার পর থেকেই গৃহবন্দি ছিলেন ফারুক আবদুল্লাহ। দীর্ঘ সাত মাস পর অবশেষে তিনি মুক্তি পেলেন।
গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। পাশাপাশি জম্মু-কাশ্মীরের থেকে লাদাখকে আলাদা করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। তারপরই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয় জম্মু-কাশ্মীরে।
গণনিরাপত্তা আইনে বন্দি করা হয় ফারুক আবদুল্লাহসহ একাধিক নেতাকে। এই তালিকায় রয়েছেন তার ছেলে ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
ফারুক আবদুল্লাহর মেয়ে টুইট করে বলেছেন, আমার বাবা আবার একজন মুক্ত মানুষ। ফারুক আবদুল্লাহকে এতোদিন তার নিজের বাসভবনেই গৃহবন্দি করে রাখা হয় ।
















