ইসলাম টাইমস ডেস্ক : করোনা ভাইরাস বিষয়ে সতর্ক পদক্ষেপ নির্ধারণে সার্কভুক্ত দেশগুলোকে এক হওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই প্রস্তাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সমর্থন জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় একথা জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবকে একটি ভালো প্রস্তাব হিসেবে অভিহিত করেছেন। এবং সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের সঙ্গে ভিডিও করফারেন্সে যোগদানে সম্মতি দিয়েছেন।’
এক টুইট বার্তায় মোদি শুক্রবার করোনা ভাইরাসের নিয়ে একত্রে কাজ করার জন্যে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের একটি কৌশল গ্রহণের প্রস্তাব দেন।
টুইট বার্তায় তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের সুস্থ রাখার উপায় বের করতে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি।’
মোদির টুইটের জবাবে দক্ষিণ এশিয়ার চার দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের নেতারাও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও এক টুইটে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং এ অঞ্চল ও বিশ্বের এই কঠিন সময়ে দক্ষিণ এশীয় নেতাদের সঙ্গে গঠনমূলক আলোচনার অপেক্ষায় আছেন।
















