করোনা ভাইরাস: আক্রান্ত ও আশংকায় বিশ্বের যেসব নেতারা

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের বাহক হতে পারেন- এমন সন্দেহে কোয়ারেন্টাইনে গেলে নিজেকে অসহায় ভাবার কোনো কারণ নেই। বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তিকেও একই পরিস্থিতির মধ্যে অতিবাহিত  করতে হচ্ছে। দেখে নেওয়া যাক এমন কয়েকজন নেতাকে, যারা করোনাভাইরাস আক্রান্তের আশংকায় রয়েছেন।

জাস্টিন ট্রুডো

স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন। তবে শরীরে কোনো লক্ষণ প্রকাশ না পাওয়ায় ট্রুডোর করোনা টেস্ট এখনো হয়নি।

জেইর বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর যোগাযোগ সচিব করোনায় সংক্রমিত হওয়ায় প্রেসিডন্ট নিজের টেস্ট করিয়েছেন। তার টেস্টের ফল এখনো জানা যায়নি। বলসোনারোই কয়েক সপ্তাহ আগে করোনা ভাইরাসকে ‘উদ্ভট কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্প

যোগাযোগ সচিব করোনায় সংক্রমিত হওয়ার পর ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনার করোনা টেস্ট করালেও তার পাশে দাঁড়িয়ে ছবি তোলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট করাতে রাজি নন।

মাইক পেন্স

ব্রাজিলের প্রেসিডেন্টের যোগাযোগ সচিব ফাবিও ওয়েনগার্দেন তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তার পাশে ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দাঁড়িয়ে আছেন। পেন্স টেস্ট করিয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

পিটার ডটন

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডটন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। শুক্রবার জ্বর জ্বর অনুভব করায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষার পর করোনা ধরা পড়ে। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

ইভানকা ট্রাম্প

হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ইভানকা ট্রাম্প গত শুক্রবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডটনের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বিল বারও বৈঠকে উপস্থিত ছিলেন।

নাদিন ডোরিয়াস

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং কনজারভেটিভ এমপি নাদিন ডোরিয়াস করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তিনি। তার সঙ্গে দেখা করায় লেবার এমপি মাস্কেলকেও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ফ্রঁঙ্ক রিয়েস্তা

ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ৪৬ বছরের ফ্রঁঙ্ক রিয়েস্তা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, কোয়ারেন্টাইনে তিনি ভালো আছেন।

টেড ক্রুজ

করোনা সংক্রমিত একজনের সঙ্গে করমর্দন করায় যুক্তরাষ্ট্রের সেনেটর টেড ক্রুজ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া রিপাবলিকান দলের পাঁচজন এমপির করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

এক মন্ত্রণালয়ে আক্রান্ত ২৪

দক্ষিণ কোরিয়ার সমুদ্র ও মৎস মন্ত্রণালয়ে ২৪ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র: ডয়চে ভেলে

পূর্ববর্তি সংবাদমাইক্রোসফট থেকে পদত্যাগ করলেন বিল গেটস
পরবর্তি সংবাদকরোনা ভাইরাস: অনির্দিষ্টকালের জন্য বুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন