ইসলাম টাইমস ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানান, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে সাজার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার কুড়িগ্রামে পাঠিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট আসবে। তদন্ত রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে বাড়িতে অভিযান চালিয়ে ধরে নিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়, শুক্রবার মধ্যরাতে জেলা প্রশাসনের লোকজন তার বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকেন। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বাড়িতে ‘আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা’ পাওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়া হয়।
তবে সাংবাদিক আরিফের সহকর্মী ও পরিবারের দাবি, একটি পুকুর সংস্কার নিয়ে পত্রিকায় প্রতিবেদন করায় জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসিয়েছেন।
















