ইসলাম টাইমস ডেস্ক: দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে এবং ডেঙ্গু সন্দেহে আটজন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন দুই রোগী ভর্তি হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকালে ঢাকার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম জানায়, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও ডেঙ্গু সন্দেহে ২৬২ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৫৪ জন ছাড়পত্র নিয়ে বাসায় চলে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়শা আক্তার জানান, বর্তমানে যে আটজন হাসপাতালে আছেন, তারা রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকার বাইরে এ মুহূর্তে ডেঙ্গুর কোনো রোগী নেই।
















