ইসলাম টাইমস ডেস্ক: ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি বহুতল ভবনের সপ্তম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুর ২টা ৫২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মহাখালী আমতলী এলাকার রয়েল ফিলিং স্টেশনের পাশে একটি বহুতল ভবনের সপ্তম তলায় আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও পাঁচটি পাঠানো হয়। মোট আটটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
















