বেগুনবাড়ি মাদরাসার নিহত ছাত্রদের জানাজা-দাফন হবে নিজ নিজ বাড়িতে, বাসচালক ছিলেন বেপরোয়া

ইসলাম টাইমস ডেস্ক: সিরাজগঞ্জের নলকায় ঢাকা তেজগাঁও বেগুনবাড়ি মাদরাসার ছাত্রবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ৪০ জন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে নেওয়া হযেছে। এমুহূর্তে সিরাজগঞ্জে ঘটনাস্থলে অবস্থান করছেন মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল আওয়াল।

ঘটনাস্থল থেকে আজ দুপুর আড়াইটায় মাওলানা আবদুল আওয়াল ইসলাম টাইমসকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ছাত্রের লাশ এখন সিরাজগঞ্জে। ছাত্রদের অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। অভিভাবকরা তাদের সন্তানদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যাবেন। সেখানেই তাদের জানাজার নামাজ ও দাফন করা হবে। নিহত এক ছাত্রের বাড়ি ময়মনসিংহে, এক ছাত্রের বাড়ি নেত্রকোনায়, আরেকজনের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকায় হাসপাতালে আনার পথে এক ছাত্র নিহত হন। তার লাশ ঢাকায়। সেই ছাত্রের অভিভাবকরা ঢাকায় আসছেন।

মাদরাসার মুহতামিম জানান, নাটোরে একটি ইসলামি মহাসম্মেলনে যোগ দেওয়া জন্য ৩ জন শিক্ষকসহ প্রায় ৫০ জন ছাত্র একটি বাস রিজার্ভ করে শনিবার সকালে সফরে বের হয়েছিলেন। সম্মেলন শেষে তারা যখন ফিরছিলেন সিরাজগঞ্জ সদরের পাশে নলকা নামক জায়গায় রাত ২টার দিকে তাদের বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। অত্যন্ত ভয়াবহ ছিল সে দুর্ঘটনা। যাত্রীদের কেউ মারাত্মকভাবে আহত হওয়া থেকে রক্ষা পাননি।

এক প্রশ্নের জবাবে প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে মাদরাসার একজন শিক্ষক জানান, দুর্ঘটনার মূল কারণ তো এখনো স্পষ্ট করে বলা কঠিন। কিন্তু মাদরাসা ছাত্রদের বহন করা বাসের চালক বেশ কিছুক্ষণ আগে থেকেই বেপরোয়াভাবে বাসটি চালিয়ে আসছিলেন। একাধিকবার তাকে সতর্ক করা হলেও চালক নিজেকে সংযত করেননি।

পূর্ববর্তি সংবাদপুরান ঢাকার রাসায়নিক গুদাম স্থানান্তরিত হচ্ছে টঙ্গীতে
পরবর্তি সংবাদসাংবাদিক নির্যাতন: প্রত্যাহার হচ্ছেন কুড়িগ্রামের ডিসি