ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে সরকার। ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সোমবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলে জানান তিনি।
এদিকে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ করা হয়েছে। আর এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।
সম্প্রতি করোনা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার শঙ্কায় দেশের প্রায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। অনেক স্কুলের অর্ধেক শিক্ষার্থীও ক্লাসে হাজির হচ্ছে না।
















