ইসলাম টাইমস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রদেশ নিউ ইয়র্ক সিটিতে করোনাভাইরাসকে ঘিরে সাধারণ চিত্রটা বেশ ভয় জাগানিয়া । সরকারের পক্ষ থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক সিটির সব স্কুল সোমবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও যেন ৫ শর অধিক জনসমাগম না হয়। তাই বিভিন্ন মসজিদে জুমার জামাতগুলোকে দুই ভাগে পড়া হচ্ছে। এদিকে গতকাল সেখানকার কিছু আলেম জুমা স্থগিত করার পরামর্শ দিয়েছেন, নির্ভরযোগ্য আলেমরা যা সমর্থন করছেন না। নিউইয়র্ক থেকে এসব তথ্য জানান মাওলানা আনাস উদ্দীন।
তিনি আরও জানান, সেখানে পরিস্থিতি ধীরে ধীরে কঠোর নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। মাদ্রাসাগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতেই স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। মানুষজন ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন।
স্থানীয় এক হোটেল কর্মকর্তাসূত্রে জানা গেছে, যেখানে প্রতিদিন পাঁচশত লোকের খাবার দাবার রান্না করা হতো সেখানে এখন টেনেটুনে ৫০ জন গ্রাহক পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে আমেরিকার অর্থনীতিতে করোনাভাইরাস একটি বড় রকম আঘাত হানবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আরেক সূত্রে জানা যায়, করোনা ভাইরাস নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি শুরুতে ততটা ছিল না। হঠাৎ করেই এ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এটিকে ট্রাম্প প্রশাসনের অনেক বড় দুর্বলতা হিসাবে দেখছেন অনেকে।
















