নোয়াখালীতে ‘সড়কে’ প্রাণ গেল এক কুরআনের হাফেজের

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বাসচাপায় আরমান হোসেন (২৪) নামে এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বসুরহাট-বাংলাবাজার সড়কের বসুরহাট হাসপাতাল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান হোসেন রামপুর ইউনিয়নের বাঞ্ছারামপুর এলাকার মৃত অহিদ উল্লার ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বসুরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ এলাকায় যাচ্ছিলেন হাফেজ আরমান। পথে হাসপাতাল গেট এলাকায় সামনে থাকা বসুরহাট সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম (ওভারটেক) করার সময় সড়কের পাশে থাকা বালুর ওপর পিছলে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে ঢুকে যায়।

এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে মাথা থেঁতলে গিয়ে গুরুত্বর আহত হন হাফেজ আরমান। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে হাফেজ আরমানের মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান সড়ক দুর্ঘটনায় হাফেজ আরমান হোসেন নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বসুরহাট-ফেনী রুটের লোকাল বাসটি পুলিশ থানায় নিয়ে আসে।

পূর্ববর্তি সংবাদকরোনা প্রাদুর্ভাব: ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান 
পরবর্তি সংবাদকরোনা: মাদরাসা ছুটি এবং পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত নিতে কাল হাইআতুল উলয়ার বৈঠক