ইসলাম টাইমস ডেস্ক: সুদের টাকা পরিশোধ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রবিবার রাত ও সোমবার সকালে সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের লোকজন বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীকচ্ছ ইউনিয়নের বারইজীবীপাড়া গ্রামের জামাল মিয়ার (৪৫) নিকট থেকে ৪ বছর আগে একই ইউনিয়নের গলানিয়া গ্রামের সেলিম মিয়া (৫০) নামের এক ব্যক্তি ১ লাখ ৮০ হাজার টাকা সুদে ঋণ গ্রহণ করেন। টানা দুই বছর সেলিম মিয়া সুদের ঋণ পরিশোধ করেছেন। কিন্তু গত দুই বছর ধরে সেলিম মিয়া কোনো টাকাই পরিশোধ করছেন না। এর জের ধরে গত রবিবার রাত ৯টার দিকে জামাল মিয়া সেলিম মিয়াকে বারইজীবীপাড়া গ্রামে আটক করে মারধর করেন। খবর পেয়ে সেলিম মিয়ার মেয়ের জামাতা একই ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মতিন মিয়া ও তার পিতা মানিক মিয়া (৫০) এগিয়ে আসলে জামাল ও তার লোকজন তাদেরকেও মারধর করেন। এর জের ধরে রাতেই উভয় পক্ষের লোকজন বারইজীবীপাড়া গ্রামে ইটপাটকেল ও দা-বল্লাম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউপি সদস্য সুমনসহ অন্তত ৪০ জন আহত হন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, পুলিশ বাদী হয়েছে মামলার প্রস্তুতি নিচ্ছে। সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মাসুদ রানা বলেন, রবিবার রাতের সংঘর্ষ নিয়ন্ত্রণে এনে পক্ষদ্বয়কে মিমাংসার কথা বলা হয়েছে। কিন্ত তারা আজকে পুনরায় সংঘর্ষে জড়িয়ে গেল। বর্তমানে শান্ত আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
















