হাসপাতালে কাতরাচ্ছে বেগুনবাড়ি মাদরাসার আহত শিক্ষার্থীরা, কয়েকজনের অবস্থা গুরুতর

তারিক মুজিব ।।

সড়ক দুর্ঘটনায় রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ির জামিয়া ইসলামিয়ার আহত ছাত্ররা ঢাকা মেডিকেল এবং তেজগাঁও-এর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালে চিকিৎসাধীন কেউ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেনি। কেউ কেউ পারিবারিকভাবে চিকিৎসা নিচ্ছেন।

ইসলাম টাইমসকে এসব তথ্য জানান মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল আওয়াল।

তবে সামাজিক মাধ্যমে নতুন একজনের মৃত্যুর খবরকে অসত্য বলে মন্তব্য করেন তিনি। মাওলানা আবদুল আওয়াল বলেন, গুরুতর অসুস্থ একজনের ব্যাপারে মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাপারে মাওলানা আবদুল আওয়াল বলেন, স্থানীয়দের সহযোগিতায় মাদরাসার পক্ষ থেকে আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসা করা হচ্ছে। কয়েকজন যারা পারিবারিকভাবে চিকিৎসা নিতে বাড়ি চলে গেছেন, মাদরাসার পক্ষ থেকে তাদেরও সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।

আহত শিক্ষার্থীদের সুস্থতার জন্য দোয়া কামনা করে মুহতামিম মাওলানা আবদুল আওয়াল বলেন, চিকিৎসা বাবদ এখন পর্যন্ত প্রচুর টাকা খরচ হয়েছে। কারো কারো অপারেশন করতে হচ্ছে। স্থানীয় মানুষদের সহযোগিতায় চিকিৎসা ব্যয় বহন করা হচ্ছে।

এসময় এক প্রশ্নের জবাবে দ্রুত সুচিকিৎসার জন্য দেশবাসী ও ধর্মীয় সেবা সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন বলে জানান বেগুনবাড়ি মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল আওয়াল।

উল্লেখ্য, ঢাকার তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া (দাওরা হাদীস) মাদরাসার ছাত্র ও শিক্ষকরা নাটোর থেকে ফেরার পথে সিরাজগঞ্জের নলকা নামক স্থানে শনিবার দিবাগত রাত দুইটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে নিহত হন ৪ জন, গুরুতর আহত হন আরো ৩৮ জন।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেতে ইতালীফেরত প্রবাসীদের বিক্ষোভ
পরবর্তি সংবাদনির্বাচন স্থগিত করা যাবে না, আল্লাহর রহমতে করোনা চলে যাবে: সিইসি