মাদরাসা ছুটি নিয়ে স্পষ্ট ঘোষণা নেই, যথাসময়েই হবে বেফাক-হাইআর পরীক্ষা

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের কারণে মাদরাসাসমূহ ছুটি এবং পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড হাইআতুল উলয়ার জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বেফাক এবং হাইআতুল উলয়ার পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হলেও ততদিন মাদরাসা বন্ধ থাকবে কি না সে ব্যাপারে স্পষ্ট কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি।

বেফাক এবং হাইআর একাধিক দায়িত্বশীলের সাথে যোগাযোগ করেও নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য ৩১ মার্চ পর্যন্ত দরস বন্ধ থাকার কথা হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান মাওলানা আবদুল কুদ্দুস সাক্ষরিত প্রেস রিলিজে জানানো হয়েছে।

এদিকে বছর প্রায় সমাপ্তির মুহূর্তে এমনিতেই ক্লাস বন্ধ থাকার সময়ে প্রেস রিলিজে ক্লাস বন্ধ থাকার ঘোষণা নিয়ে অনেককে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে।

হাইআতুল উলয়ার সদস্য ও বেফাকুল মাদারিসের সহ সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ইসলাম টাইমসকে বলেন, বোর্ডের পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে। সেখানে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার এবং ক্লাস বন্ধ থাকার সিদ্ধান্ত জানানো হয়েছে।

মাদরাসা বন্ধ থাকার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি। বোর্ডে কেবল পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বেফাকের পরীক্ষার বিষয়ে জানতে চাইলে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, বেফাকের ক্ষেত্রেও হাইআতুল উলয়ার নীতিই প্রযোজ্য হবে। অর্থাৎ, যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দরস বন্ধ থাকবে।

পূর্ববর্তি সংবাদহাইআতুল উলয়ার পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে
পরবর্তি সংবাদবিদেশ ফেরত আরও দুজন করোনায় আক্রান্ত