মুজিববর্ষ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন রাত ৮টায়

ইসলাম টাইমস ডেস্ক : প্রতিবছর  বঙ্গবন্ধুর জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়। এবারও দিনটি বঙ্গবন্ধুর জন্মদিন তথা জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হবে। মুজিব জন্মশতবার্ষিকীর পুরো বছরটি সরকার ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ সাল পর্যন্ত ‘মুজিববর্ষ’ উদযাপন করা হবে।

রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে। রাষ্ট্রপতি তার ভাষণের পরপর আতশবাজির মাধ্যমে জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করবেন।

বঙ্গবন্ধু জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষের উদ্বোধন উপলক্ষে ব্যাপক কর্মসূচির প্রস্তুতি থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা সংক্ষিপ্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী-ভ্রাতৃপ্রতীম সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করলেও তার অধিকাংশই কাটছাঁট করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে আমাদের ভবিষ্যৎ ‘শিশুদের’ কল্যাণে বর্তমানকে উৎসর্গ করার আহবান জানিয়েছেন।

কর্মসূচি
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সকাল সাড়ে ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ হবে। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বিশেষ প্রার্থনা
বাদ জোহর দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশাপাশি দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের সব ধর্মের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এর অংশ হিসেবে সকাল ৮টায় তেজগাঁও গির্জায়, সকাল ৯টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ (৩/৭-এ সেনপাড়া, পবর্তা, মিরপুর-১০)-এ খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করা হবে।

এতিম ও দুঃস্থ মানুষের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ

দুপুর ১২টায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আজিমপুর এতিমখানায় অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার, বস্ত্র ও করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হবে। দুপুর ১টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে বনানী করাইল বস্তিতে এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এতিম ও দুস্থ মানুষের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ করা হবে। এছাড়া বাদ আসর রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ খাবার ও মিষ্টি বিতরণ করবে। সারাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।

আতশবাজি ও আলোকসজ্জা
রাত ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ উপলক্ষে সারাদেশে একযোগে আতশবাজি প্রদর্শনী ও ফানুস উত্তোলন। আওয়ামী লীগের উদ্যোগে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনের সামনে, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, সোরাওয়ার্দী উদ্যান, টিএসসি ও জাতীয় সংসদ ভবন এলাকায় আতশবাজি প্রদর্শনী হবে। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর প্রধান প্রধান সড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের জেলা-উপজেলায় ইতোমধ্যে বর্ণিল সাজ-সজ্জা করা হয়েছে। রাত ৮টার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় ও বাস্তবায়ন কমিটির আয়োজনে একযোগে সব গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠান ঘরে বসে দেখার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায় দাতা বিচারপতিকে বানানো হলো রাজ্যসভার সদস্য
পরবর্তি সংবাদবিবাড়িয়ায় স্বামীকে তালাক না দেয়ায় গৃহবধূ খুন