সফর বাতিল হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুর অনুষ্ঠানে থাকছেন মোদী!

ইসলাম টাইমস ডেস্ক : করোনা আতঙ্কে বাংলাদেশ সফর বাতিল হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মদিবসে ঢাকায় শুরু হচ্ছে মুজিব-বর্ষের অনুষ্ঠান। আগে ঠিক ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিন্তু করোনার আতঙ্কে ঠিক হয়,বিদেশি অতিথিরা আর বাংলাদেশে যাবেন না। আপাতত ছোট করে বঙ্গবন্ধুর শতবর্ষের অনুষ্ঠান হবে। শেষ মুহূর্তে মোদীর ঢাকা সফর বাতিল হয়। অবশ্য তারপরেও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী মোদী। তবে বাংলাদেশে তিনি যাচ্ছেন না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগ দেবেন এই অনুষ্ঠানে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেবেন। তবে কোনও জনসমাগম ছাড়াই এই অনুষ্ঠান হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে মোদীর যোগ দেওয়া নিয়ে বাংলাদেশে প্রবল বিতর্ক হয়েছে। লোকে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। বিশেষ করে দিল্লি হিংসার পরিপ্রেক্ষিতে মোদীর সফর নিয়ে বাংলাদেশে ক্ষোভ-বিক্ষোভ বেড়েছিল। তবে করোনার জন্য সফর বাতিল হয়ে যাওয়ায় বিতর্কও ধামাচাপা পড়ে যায়। তাই সম্ভবত এ বার আগে থেকে ভিডিও-বার্তার মাধ্যমে মোদীর অংশ নেওয়ার খবর জানানো হয়নি। মঙ্গলবার এই অনুষ্ঠান হবে, সোমবার রাতে এই ঘোষণা করা হয়েছে।
পূর্ববর্তি সংবাদসে যুগে মহামারি : ‘ভালো মন্দ যা কিছু ঘটুক, মেনে নেবো এ আমার ঈদ’
পরবর্তি সংবাদনোয়াখালীতে আগুনে পুড়ে গেল মসজিদ