অতিরিক্ত কেনাকাটা করে বাজারে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বাজারে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে দাবি করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জনগণকে অতিরিক্ত কেনাকাটা না করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘করোনাভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো ধরনের প্রভাব পড়েনি। আবার অন্যান্য বছরের তুলনায় এবার ২৫ থেকে ৩০ শতাংশ পণ্য বেশি রয়েছে। তাই প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কিনে অযথা অস্থিরতা সৃষ্টি করবেন না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় জনগণ আতঙ্কিত হয়ে গেছেন। তারা হঠাৎ করে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য ক্রয় করছেন। তাই গত দুদিনে খুচরা বাজারে দামে কিছুটা প্রভাব পড়েছে। তবে পাইকারি বাজারে দাম বাড়েনি।’

মন্ত্রী বলেন, ‘কোনও পণ্যের মজুদ বা সরবারাহ কম নেই। সুতরাং অতিরিক্ত পণ্য কিনে অহেতুক বাজারে অস্থিরতা তৈরি করবেন না। করোনার কারণে নিত্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়েনি। বরং অন্যান্য বছরের চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ আমাদনি বেশি হয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

পূর্ববর্তি সংবাদমোম বাতির আগুনে বান্দরবানে বসতঘর পুড়ে ভষ্মীভূত!
পরবর্তি সংবাদকরোনায় স্বর্ণের দাম কমেছে