ইসলাম টাইমস ডেস্ক: করোনা রোগী শনাক্ত করার জন্য যে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন, দেশে সেটি নাই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি বলেন, হাসপাতালে আইসোলেশনের কোনো ব্যবস্থা নাই এবং করোনা রোগী শনাক্ত করে তার চিকিৎসার জন্য যথাযথ ডাক্তারদের প্রশিক্ষণ ও নার্স যারা আছে তাদেরও কোনো প্রস্ততি নেই।
তিনি বলেন, করোনা ভাইরাসের সঠিক পরিস্থিতি সরকার প্রকাশ করছে না আমরা বারবার বলে এসেছি, কারোনা ভাইরাসের অবস্থা অত্যন্ত ভয়াবহ। কিন্তু সরকার প্রকৃত পরিস্থিতি জানাচ্ছে না। প্রকৃত তথ্য না জানানোর কারণে পরিস্থিতি জটিল থেকে আরো জটিলতম হবে বলে মনে হচ্ছে।
বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, উন্নত দেশগুলোর মতো আমাদের দেশের গবেষণা ও এসব মোকাবেলার জন্য যে স্তর সেই স্তরও নেই। তবে সরকার আগে থেকেই পদক্ষেপ নিলে বিপর্যয় কমে আসতো। সুতরাং ভেতর ভেতর যেটা হচ্ছে আমার মনে হচ্ছে এ পরিস্থিতি আগামীতে আরো জটিলতর হবে। কারণ এক কথায়, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল,এমপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু,জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন সহ-জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















