ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে বাসচাপায় মোবারক মৃধা (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার বিকাল পৌণে ৬টার দিকে শ্রীনগর থানাধীন বেজগাঁও স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মোবারক মৃধার মৃত্যুতে এ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই দিনে এটি তৃতীয় ব্যক্তির প্রাণহানির ঘটনা । এর আগে সকাল ১১টায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত বৃহস্পতিবার উদ্বোধনের পাঁচ দিনের মাথায় একদিনের সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল।
ডিআই-১ মিজানুর রহমান জানান, মঙ্গলবার আনুমানিক পৌণে ছয়টায় শ্রীনগর থানাধীন বেজগাঁও স্ট্যান্ড ঢাকা-মাওয়া মহাসড়ক পাড়াপাড়ের সময় পথচারী মোবারক মৃধা ঢাকা থেকে শরীয়তপুরগামী প্লোরী পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। মোবারক মৃধা শ্রীনগর থানার পূর্ব বেজগাঁও গ্রামের মৃত মুনসুর মৃধার ছেলে।
তিনি আরো জানান, হাসাড়া হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করে তাদের হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
















