মুজিববর্ষ : নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ছুটিতে স্কুলে আসতে বাধ্য করার অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক : করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে সরকার ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিলেও, নারায়ণগঞ্জের একটি স্কুলে শিক্ষার্থীদের মুজিব জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আসতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে তাদের কয়েকজন জানান, উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দিয়েছেন। শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যেই স্কুলে উপস্থিত হতে বলা হয়।

অভিযোগ করে তারা বলেন, প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন অনুষ্ঠান উদ্বোধন করে চলে গেলেও অনুষ্ঠানের শেষ পর্যন্ত শিক্ষার্থীদের আটকে রাখা হয়।

স্কুল সূত্র জানায়, বঙ্গবন্ধুর ভাস্কর্য উন্মোচন, বৃক্ষরোপণ, কেক কাটা, বুলেটিন প্রকাশ, দেয়াল পত্রিকা উন্মোচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো কর্মসূচি পালন করা হয় এদিন।

এ বিষয়ে প্রধান শিক্ষক কমল কান্তি সরকার গণমাধ্যমকে জানান, অনুষ্ঠানটি পূর্ব নিধারিত ছিল। সেজন্য, বাতিল করা সম্ভব হয়নি।

যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, বিষয়টি তার জানা ছিল না। শিক্ষার্থীরা অতি উৎসাহী হয়ে অনুষ্ঠানে এসেছিল বলে স্কুল কর্তৃপক্ষ তাকে জানিয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে আমি জানি না। তারপরও আমি বলেছি যাতে ভবিষ্যতে আর এমন না হয়। সরকারের নির্দেশনা যেন মেনে চলে। তাই এখন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

পূর্ববর্তি সংবাদজ্বর ঠাণ্ডা থাকলে মসজিদে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন
পরবর্তি সংবাদমাওলানা আবদুল ওয়াহহাব রাহ : কুরআনের খেদমতে নিবেদিতপ্রাণ মনীষী