ইসলাম টাইমস ডেস্ক: পেঁয়াজের মৌসুমে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার দাবি জানিয়েছেন পেঁয়াজ চাষি, মো. সিরাজুল ইসলাম।এতে দেশি কৃষকদের লোকসান হচ্ছে বলে দাবি করেন তিনি।
বুধবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান তিনি। সিরাজুল ইসলাম একজন পেঁয়াজ চাষি, একইসঙ্গে দেশের বিভিন্ন এলাকার পেঁয়াজ চাষিদের তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন।
মানববন্ধনে পেঁয়াজ চাষিদের পক্ষ থেকে তিনি বলেন, ‘আগামী চার মাস পেঁয়াজ আমদানি না করতে অনুরোধ জানাচ্ছি। এতে কৃষকরা বাঁচবে। পরের বছর কৃষকরা আবারও চাষ করতে উৎসাহিত হবে।’
সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আমি মঙ্গলবার (১৭ মার্চ) পাবনা গিয়েছিলাম। সেখানে ২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম পড়েছে কেজি প্রতি ৩৫ টাকা। এতে দেশি কৃষকদের লোকসান হচ্ছে।’
প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘পেঁয়াজ চাষিদের ক্ষতির মুখ থেকে রক্ষা করতে অন্তত পেঁয়াজের মৌসুমে যেন কোনও পেঁয়াজ আমদানি করা না হয়।’
















