ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন বগুড়া ১ আসনের উপনির্বাচনের প্রচারণাকালে বিএনপি মনোনীত প্রার্থীর গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ সময় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে। হামলায় ছয়জন আহত হয়। আহতরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বুধবার দুপুরে জেলার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির এই হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেন। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মী বলছে বিএনপি প্রচারণার নাম করে তাদের এক কর্মীর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ভাঙচুর করেছে।
আগামী ২৯ মার্চ বগুড়া ১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।
















