শিবচর লকডাউন, অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রাজশাহী বাস চলাচল বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে অনির্দিষ্টকালের জন্য ঢাকার সঙ্গে রাজশাহীর বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে মাদারীপুরের শিবচরে সব ধরনের দোকান ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান খোলা থাকবে বলে জানা যায়। বাংলাদেশের প্রথম উপজেলা শিবচর, করোনা ভাইরাস থেকে আত্মরক্ষায় যেখানে লকডাউন করা হলো।

আজ বৃহস্পতিবার রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকার মধ্যে কোনো বাস চলাচল করবে না।’ তবে উত্তরাঞ্চলের অন্যান্য জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে ঢাকার সঙ্গে।

এদিকে শিবচরের ইউএনও আসাদুজ্জামান বলেন, ‘শিবচর উপজেলায় সদ্য বিদেশ থেকে অন্তত ছয় শ চৌষট্টি জন মানুষ এসেছে। এদের প্রত্যেকেই ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করতে হবে। আপনাদের আশপাশে সদ্য বিদেশ ফেরত কোনো ব্যক্তি থাকলে উপজেলা প্রশাসন অথবা স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বরে ফোন করবেন। এ ছাড়া আমরা করোনাভাইরাস মোকাবিলায় সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।’ তিনি আরও বলেন, জরুরি প্রয়োজন ছাড়া গণপরিবহন এড়িয়ে চলুন। বাসার বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। নিজে সতর্ক থাকুন অপরকে সতর্ক করুন।

এর আগে মরণঘাতী করোনাভাইরের সংক্রমণ ঠেকাতে লকডাউন (অবরুদ্ধ) করাই একমাত্র উপায় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই পরিস্থিতি বুঝে দেশের বিভিন্ন এলাকা লকডাউন করার চিন্তা করছেন তিনি। বিকেলে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদময়মনসিংহে কালভার্টের নিচ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
পরবর্তি সংবাদচুয়াডাঙ্গায় পানি ভেবে এসিড পান, ৫ বছরের শিশুর মৃত্যু