করোনা সচেতনতায় রাজধানীতে ফ্রি মাস্ক বিতরণ করল কওমি শিক্ষার্থীরা

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে পাড়া মহল্লার যুব শ্রেণী সবাই সচেতনতা তৈরি করছেন নিজ নিজ অবস্থান থেকে। এ সচেতনতা তৈরিতে পিছিয়ে নেই কওমি শিক্ষার্থীরাও।

করোনা সচেতনতার উদ্যোগ হিসেবে রাজধানীর মিরপুরের বায়তুল মা’মূর মাদরাসা কমপ্লেক্সের মাদরাসা শিক্ষার্থীরা নগরবাসীর মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেছেন।

শুক্রবার (২০ মার্চ) বাদ জুমা বায়তুল মা’মুর মসজিদের মুসল্লিসহ আশেপাশের পথিক, দোকানদার, রিক্সাওয়ালা ও সর্বস্তরের জনসাধারণের মাঝে প্রায় ৮০০ মাস্ক ফ্রি বিতরণ করেছেন এই মাদরাসার শিক্ষার্থীরা।

বায়তুল মা’মূর মাদরাসা কমপ্লেক্সের শিক্ষা সচিব মুফতি হাসান আল মাহমুদ ইসলাম টাইমসকে জানিয়েছেন, বায়তুল মা’মুর মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাফর আহমাদ ছাত্রদের এ সচেতনতামূলক সেবা অব্যাহত রাখতে আরো মাস্ক বানানোর অর্ডার দিয়েছেন। তারা এ সেবামূলক কার্য়ক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলেও তিনি  আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো জানান করোনা সচেতনতায় নিজস্ব অর্থায়নে ফ্রি মাস্ক বিতরণ করার উদ্যোগ নিয়েছিল ছাত্ররা। ছাত্রদের এ মহত উদ্যোগে উৎসাহ দিতে মাদরাসার প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপালসহ সকল শিক্ষক তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থায়ন ও পরামর্শের মাধ্যমে সহযোগিতা করেছেন।

মুফতি হাসান আল মাহমুদ ইসলাম টাইমসকে আরো জানান, করোনা ভাইরাস থেকে আত্মরক্ষা পেতে সচেতনতা তৈরিতে মাদরাসার ছাত্ররা শুক্রবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে ফ্রি মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু সরকারি সিদ্ধান্তে বৃহস্পতি বার সন্ধায় মাদরাসা বন্ধের ঘোষণা হওয়ায় ছাত্ররা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। তাই শুধুমাত্র  স্থানীয় কিছু ছাত্রদের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা গেছে।

পূর্ববর্তি সংবাদভোট দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদঢাকা-১০ আসনের উপনির্বাচন: ২ ঘণ্টা ১৭ মিনিটে ভোট পড়েছে মাত্র ১টি