অনলাইন ব্যাংক জালিয়াতির অভিযোগে তিনজন গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: অনলাইন ব্যাংক জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের সোশ্যাল মিডিয়া টিম। তাঁরা হলেন—প্রতারক চক্রের প্রধান মামুন তালুকদার এবং তার দুই সহযোগী রাজু ফারাজী ও মো. মিঠু মৃধা।

সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামের বরাত দিয়ে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গত ২০ মার্চ ভোর পাঁচটায় সাইবার ব্যাংক প্রতারক চক্রের প্রধান মামুনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। তার সহযোগী রাজুকে একই দিন ঢাকার যাত্রাবাড়ী থেকে এবং পরদিন গতকাল শনিবার ভোরে মিঠুকে ফরিদপুরের ভাঙা থেকে গ্রেপ্তার করা হয়।

নাজমুল ইসলাম বলেন, তিনজনের কাছ থেকে ব্যাংকিং প্রতারণার কাজে ব্যবহৃত একটি এক্সিও গাড়ি, বিশেষ অ্যাপসযুক্ত সাতটি মোবাইল ফোন, বহু ভুয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমকার্ড, একাধিক ব্যাংক, বিকাশ, নগদ ও স্ক্রিল অ্যাকাউন্ট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা হয়েছে। আজ রোববার তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা: সুরক্ষিত থাকতে তরুণদেরও হতে হবে সতর্ক
পরবর্তি সংবাদশামসুল হক ফরিদপুরী রহঃ-এর সহধর্মিনীর ইন্তেকাল