খুব শিগগির যুক্তরাজ্যের পরিস্থিতি ইতালির মতো হবে: বরিস জনসন

ইসলাম টাইমস ডেস্ক: খুব শিগগির যুক্তরাজ্যের পরিস্থিতি ইতালির মতো হবে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

গতকাল শনিবার পর্যন্ত দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জন, যা ঠিক ৭ মার্চ তারিখে ইতালিতে মৃত্যু সংখ্যার সমান। এ পরিসংখ্যান টেনে বরিস জনসন বলেন, ‘ইতালির মতো পরিস্থিতি থেকে আমরা মাত্র দুই কি তিন সপ্তাহ পেছনে আছি।

ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসের ভয়াবহতা ছাড়িয়ে গেছে উৎপত্তিস্থল চীনকেও। গতকাল শনিবার ইতালিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৯৩ জন, যা এখন পর্যন্ত যেকোনো দেশের জন্যই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

তিনি বলেন, ‘যুক্তরাজ্যে করোনাভাইরাসে অসুস্থ হওয়া মানুষ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর এই বিষয়টি আমরা কোনোভাবেই গোপন করতে পারি না। গোপন করা উচিত হবে না। কেননা যুক্তরাজ্যের পরিস্থিতিও ইতালির মতোই ভয়াবহ হতে চলেছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘ইতালিয়দের চিকিৎসা ব্যবস্থা দুর্দান্ত। তারপরও তাদের চিকিৎসক-নার্সরা পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে ইতালিতে মৃত্যুর সংখ্যা কয়েক হাজার হয়েছে, যা আরও বাড়বে। আমরা যদি একসঙ্গে কাজ না করি, যদি (ভাইরাস) বিস্তারের গতি কমাতে নায়কোচিত জাতীয় ব্যবস্থা না নেই-তাহলে আমাদের এনএইচএস-ও (ন্যাশনাল হেলথ সার্ভিস) একইভাবে হিমশিম খাবে।’

পূর্ববর্তি সংবাদগ্যাস ও বিদ্যুৎ বিল ৩-৪ মাস দেরিতে দিলেও চলবে
পরবর্তি সংবাদহোম কোয়ারেন্টাইনে জার্মানির চ্যান্সেলর ম্যার্কেল