এখনই বন্ধ হচ্ছে না কলকারখানা : প্রতিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কারখানা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখনই কলকারখানা বন্ধ হচ্ছে না।

করোনা সংক্রমণে উদ্ভূত সমস্যা মোকাবেলায় শিল্প কারখানার শ্রমিক পরিস্থিতি সম্পর্কে জরুরি সভা শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আর এ চিন্তাটাও যেন কারো মাথায় না আসে। তাছাড়া এসব ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।

এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেন, আপাতত কারখানা বন্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। যতদিন চালানো যায় ততদিন মিল-ফ্যাক্টরির চাকা চলবে। এজন্য শ্রমিকদের সচেতন করতে ও তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, সামনে ঈদ-রোজা আছে। তাই আপাতত কারখানা বন্ধ করা যাবে না। সবমিলিয়ে আগামী জুন পর্যন্ত কিভাবে শ্রমিকদের ঠিকভাবে বেতন-বোনাস দেয়া যায় সে ব্যাপারে আলোচনা করা হবে। কারণ শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে।

পূর্ববর্তি সংবাদগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা লকডাউনের সিদ্ধান্ত 
পরবর্তি সংবাদকাঁচাবাজার, ওষুধ ও নিত্যপণ্যের দোকান বাদে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব দোকানপাট বন্ধ