ইসলাম টাইমস ডেস্ক : প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার (১২,৯৮৭) মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছে ৩ লাখ মানুষ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার।
আন্তর্জাতিক জরিপসংস্থাওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটে বলা হয়, সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে। সেখানে মোট ৮১ হাজার ৮ জন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছ ৩২৫৫ জনের। তবে মৃতের হিসেবে চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৮২৫, আর আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৭৩ জন।
ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে ইতালিতে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত মাসে ভাইরাসটির সংক্রমণ শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মৃতের হিসেবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইরান। দেশটিতে দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে চতুর্থ সর্বোচ্চ ২৪ হাজার ১১৬ জন মানুষ। মৃত্যু হয়েছে ২৮৮ জনের।
বাংলাদেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ৩৩২ জন। এর মধ্যে প্রাণ হারিযেছেন ৫ জন। আর পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩৪ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।
















