উত্তরায় আবাসিক এলাকায় করোনা রোগীদের সেবা, প্রতিবাদে স্থানীয়দের হাসপাতাল ঘেরাও

ইসলাম টাইমস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালে চিকিৎসা দেওয়ায় হাসপাতাল ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের রিজেন্ট হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানাগেছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের কোয়ারেন্টিন ও আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে করে উত্তরা ও মিরপুর রিজেন্ট হাসপাতাল। এই খবরে উত্তরায় হাসপাতালটির রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় স্থানীয় বাসিন্দা ও উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নেতারা হাসপাতালের সামনের রাস্তা আটকে রেখে মিছিল করে। এক পর্যায়ে স্থানীয়দের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারী স্থানীয়দের দাবি, এই হাসপাতালে যদি করোনাভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া হয় তাহলে এলাকাবাসী ঝুঁকির মধ্যে পড়বে।

এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে উত্তরায় রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেছিল। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা কাগজপত্র দেখেছি। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে জানানো হবে। তারাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।’

পূর্ববর্তি সংবাদসব ব্যাংকে ‘কুইক রেসপন্স টিম’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
পরবর্তি সংবাদখিলগাঁওয়ে প্রবাসী নারীর লাশ উদ্ধার