গাজীপুরে ডাকাতদলের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ গুলিবিদ্ধ ২

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় রবিবার রাতে ‘ডাকাতদের’ সঙ্গে গোলাগুলিতে পুলিশের উপপরিদর্শকসহ এক ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়ার ভাষ্য, গত রাত ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নং গেইটের সামনে ৭-৮ জন ডাকাত দল কয়েকজনকে জিম্মি করে টিভিসহ বিভিন্ন মালামাল লুট করছে এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলামের বুকের বাম পাশে গুলি লাগে। এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে রাজেন্দ্রপুর এলাকার চিহ্নিত ডাকাত শরীফ পায়ে গুলিবিদ্ধ হন এবং অপর সদস্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে চারজন জিম্মি, লুন্ঠিত টিভিসহ বিভিন্ন মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান ওসি আলমগীর। ইউএনবি।

পূর্ববর্তি সংবাদহেফাজতে ইসলামের নেতা ও আল্লামা শাহ আহমদ শফির জামাতা মাওলানা ইসহাক নুরের ইন্তেকাল
পরবর্তি সংবাদযথা সময়ে অনুষ্ঠিত হবে দেওবন্দের পরীক্ষা