ইসলাম টাইমস ডেস্ক: করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। সরকারের এমন ঘোষণার পর লোকজনের যেন বাড়ি যাওয়ার হিড়িক পড়েছে। এজন্য স্টেশনগুলোতে অগ্রিম টিকেট পেতে যাত্রীদের ভিড় বেড়েছে।
মূলত জনসমাগম এড়াতেই ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কিন্তু ছুটির ঘোষণা পেতেই সোমবার বিকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিটের জন্য ভিড় বাড়তে থাকে। একই চিত্র দেখা গেছে সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে।
কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, আগামী ২৬ তারিখ থেকে সাধারণ ছুটির ঘোষণা থাকায় ২৫ তারিখ রাতে এবং ২৬ তারিখ সকালের ট্রেনে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
অগ্রিম টিকিট প্রত্যাশীদের অধিক ভিড়ের কারণে স্টেশনে লাইন দীর্ঘ হতে থাকে। সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত এমন লাইন ছিল যাত্রীদের। কাউন্টারে দাঁড়িয়ে অগ্রিম টিকিট নেওয়ার পাশাপাশি অনলাইনেও যথেষ্ট চাহিদা ছিল রেলের টিকিটের।
মহাখালী বাস টার্মিনালের একজন শ্রমিক জানান, সন্ধ্যার পর পর বাড়ি যাওয়ার জন্য পরিবার পরিজন নিয়ে অনেকে টার্মিনালে ভিড় করে। এ সময় মানুষের চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। হঠাৎ করে যাত্রীদের এমন চাপ দেখা দেওয়ায় পরিবহন মালিকরাও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছে।
















