ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে দেশের দৈনিক পত্রিকাগুলোর কলেবর ও দাম কমছে। সাময়িক বন্ধও হওয়ারও ঘোষণা আসতে পারে।
জানা যায়, করোনা ভাইরাসের ভয়াবহতায় দেশের সংবাদপত্র শিল্প অস্তিত্বের সংকটে পড়েছে। বাধ্য হয়ে পত্রিকার কলেবর কমাতে হচ্ছে। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আজ এক সম্পাদকীয় নোট দিয়ে পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ও দাম কমানোর কথা জানিয়েছেন। জানা গেছে অন্যরাও একই পদক্ষেপ নিতে যাচ্ছেন। অবস্থার আরও অবনতি ঘটলে প্রিন্ট সংস্করণ সাময়িক বন্ধ করার কথাও বিবেচনায় রাখা হচ্ছে।
মানব জমিনের সম্পাদকীয় নোটে বলা হয়েছে, প্রিয় পাঠক, আপনারা হয়তো জানেন, আমরা এখন এক বিশেষ পরিস্থিতির মধ্যে আছি। সমূহ বিপদের মুখোমুখি আমরা। চারদিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক। লকডাউন হয়ে যাচ্ছে গোটা দেশ। এই অবস্থায় আমরা কেউই নিরাপদ নই। এরকম পরিস্থিতিতে পত্রিকা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় মানবজমিন-এর পৃষ্ঠা সংখ্যা ২৪ থেকে কমিয়ে ১৬ পৃষ্ঠা করার সিদ্ধান্ত নিতে হচ্ছে। একই সঙ্গে দামও পুনঃনির্ধারণ করে আট টাকার স্থলে পাঁচ টাকা করা হয়েছে।
অবস্থার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাবো। পরিবর্তিত প্রেক্ষাপটে পাঠক, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি।
মতিউর রহমান চৌধুরী
প্রধান সম্পাদক
















