ইসলাম টাইমস ডেস্ক: মঙ্গলবার পর্যন্ত ইসরাইলে করোনা রোগীর সংখ্যা ১৬৫৬ জন। এ সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।
দেশটিতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির হার দেখে ধারণা করা হচ্ছে দ্রুতই ১০ লাখ ইসরাইলি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। যাদের মধ্যে মারা যেতে পারেন ১০ হাজার মানুষ।
দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত ১৮ মার্চ ১১ হাজার ইসরাইলির ওপর করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা চালায় ইসরাইলের স্বাস্থ্য বিভাগ। সেখানে, ৪৩৩ জনের ফলাফল কভিড-১৯ পজিটিভ আসে। যা মোট নমুনার ৪ শতাংশ।
এরপর গত মঙ্গলবার, ২৭ হাজার ৫৪ জনের ওপর পরীক্ষা চালিয়ে সব মিলিয়ে ১৬৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়, যা ৬.১ শতাংশ।
এমন ফলাফলের পর স্যামসন আজুটা আশদুদ ইউনিভার্সিটির সংক্রমণ নিয়ন্ত্রণ পরিষেবার প্রধান ড্যানিয়েল গ্রুপেল বলেন, এমন হারে বৃদ্ধি পেতে থাকলে ইসরাইলের এক-তৃতীয়াংশ বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হবে।
গ্রুপেলের এমন বক্তব্যের আগেই সোমবার মন্ত্রিসভার সাত ঘণ্টাব্যাপী বৈঠক করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানইয়াহু।
তিনি স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দেন, ‘ আগামী এক মাসে ১০ লাখ ইসরাইলি কভিড-১৯ এ আক্রান্ত হতে পারে। এতে মারা যেতে পারে ১০ হাজার ইসরাইলি।’
উল্লেখ্য, ইসরাইলের স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, দেশটিতে সব মিলিয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার কোয়ারেন্টিনে আছেন। একাত্তর হাজার ঊনত্রিশ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৪ জন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৬৫৬ জনে পৌঁছল। এদের মধ্যে ৩১ জনের অবস্থা গুরুতর। আর ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুই জন।
















