ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সকল দোকানপাট বন্ধ হলেও যশোরে খোলা রয়েছে কাঁচাবাজার, মুদি এবং ওষুধের দোকান। এ অবস্থায় বৃহস্পতিবার(২৬ মার্চ) গোলবৃত্তের মধ্যে দূরত্ব বজায় রাখতে অভিনব পদ্ধতি অবলম্বন করে বাজার সদায় করছেন যশোর শহরের বারান্দীপাড়া বৌবাজারের ক্রেতারা।
এক মিটার দূরত্বে বৃত্ত দিয়ে কেনাকাটা করতে বাধ্য করা হয়েছে ঘনবসতির এ এলাকার বাসিন্দাদের। এমন উদ্যোগে সন্তুষ্ট ক্রেতা ও বিক্রেতা উভয়েই।
যশোরের কাঁচাবাজারে মানুষের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত। উদয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠনের সদস্যরা বাজারের দোকানগুলোর সামনে এক মিটার দূরত্বে বৃত্ত এঁকে দিয়েছেন। ওই বৃত্তের মধ্যে থেকেই কেনাকাটা করতে বাধ্য করা হয়েছে ঘনবসতির এ এলাকার বাসিন্দাদের। আর বৃত্তের বাইরে থাকলে পণ্য দিচ্ছেন না দোকানিরাও। বৃহস্পতিবার থেকে চালু করা হয়েছে এ ব্যবস্থা।
উদয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শামীম আহমেদ জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে বুধবার রাতে বাজারে বৃত্ত একে দেয়া হয়েছে। ঘনবসতি এলাকার এ বাজারের বাড়ির মহিলারা বাজার করেন। তারা খুব বেশি সচেতন নয়। যে কারণে বৃত্তের মধ্যে তাদের বাজার করতে বাধ্য করা হয়েছে।
যশোর পৌরসভা মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, নগরবাসীকে নিরাপদ রাখতে পৌরসভার সকল বাজারে বৃত্ত একে দেয়ার উদ্যোগ নেয়া হবে। একইসাথে তিনি সারাদেশে এ ব্যবস্থা চালুর আহবান জানিয়েছেন।
















